বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার অভিযোগ রয়েছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, হত্যা, নাশকতা এবং বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার দুপুর ১টার দিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতা ও বিস্ফোরক সংক্রান্ত মামলায় আব্দুল হাই খোকনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।