শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম যে স্মার্ট কার তৈরি করেছেন, সেটি সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু পরিদর্শনই নয়, উদ্ভাবিত গাড়িটিতে চড়েও তরুণ এই উদ্ভাবককে উৎসাহ দেন তিনি।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিশেষ স্মার্ট কার প্রদর্শন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক ঘুরে দেখেন এবং নির্মাতা ওয়াকিমুল ইসলামের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এবং শাহাদাৎ হোসেন স্বাধীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সরকারের আগ্রহের বিষয়টি আবারও সামনে এলো এই আয়োজনে। প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।