ভারতের পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।
সোমবার (৪ মে) রাতে পাঠানো এক বার্তায় বিজিবি জানায়, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
তবে নির্বাচনের ফলাফলের দিনেই এমন সতর্ক অবস্থান জোরদারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তা সত্ত্বেও সীমান্ত এলাকাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। দুই দফায় ভোটগ্রহণ শেষে সোমবার ভোট গণনায় দলটি স্পষ্টভাবে এগিয়ে থেকে সরকার গঠনের অবস্থানে পৌঁছায়।
নির্বাচনী এই প্রেক্ষাপটে সীমান্ত পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জোরদার রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।