ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। এর আগে ১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
পেশাগতভাবে তিনি আইনজীবী ছিলেন। পাশাপাশি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
তার ছেলে ইমদাদুল হক সেলিম জানান, রোববার (৩ মে) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে এবং বিকেল ৫টায় আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে নিজ বাড়ি নিউগী কুশমাইলে তাকে দাফন করা হবে।