শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন আজ, মহান মে দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।
শুক্রবার (১ মে) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি পুনরায় সামনে আসছে এই দিনে।
ঐতিহাসিকভাবে, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট এলাকায় শ্রমিকরা দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। ওই আন্দোলনে পুলিশের গুলিতে ১০ জন শ্রমিক নিহত হন।
পরবর্তীতে ৪ মে হে মার্কেট চত্বরে বোমা বিস্ফোরণ এবং সহিংসতায় আরও প্রাণহানির ঘটনা ঘটে। এসব ঘটনার জেরে কয়েকজন শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
শিল্প বিপ্লবের পর দীর্ঘ সময় ধরে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। এর প্রতিবাদেই সংগঠিত শ্রমিকরা আন্দোলন গড়ে তোলেন, যার ফলশ্রুতিতে বিশ্বব্যাপী ৮ ঘণ্টা কর্মদিবসের ধারণা প্রতিষ্ঠা পায়।
বর্তমানে মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃত এবং বিশ্বের ৮০টিরও বেশি দেশে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান Tarique Rahman-এর।