সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ হিসেবে বিদেশ ভ্রমণে শ্রেণি সীমিত করা হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদা ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য এখন থেকে বিমানের বিজনেস ক্লাসে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে উপসচিব র হ ম আলাওল কবির স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকারি ব্যয় সংকোচন জরুরি হওয়ায় অতিরিক্ত সচিব ও তাদের নিচের পর্যায়ের সব কর্মকর্তা বিদেশ সফরে শুধুমাত্র ইকোনমি ক্লাসে যাতায়াত করবেন।
এই সিদ্ধান্ত সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সমপর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির টিকিট আর ব্যবহার করা যাবে না।
এ নির্দেশনা কার্যকর করতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুলিপি পাঠানো হয়েছে। পাশাপাশি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ২০১২ সালের সংশ্লিষ্ট ভ্রমণ সুবিধা সংক্রান্ত বিধান থাকলেও বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী নতুন নিয়ম কার্যকর থাকবে।
সরকারের এই সিদ্ধান্তকে ব্যয় সংকোচনের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় প্রভাব ফেলতে পারে।