1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ

সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাজনৈতিক অস্থিরতা ও অতীত নির্যাতনের অভিজ্ঞতার প্রেক্ষাপটে জাতীয় সংসদে ঐক্যের জোরালো আহ্বান জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বেঁচে থাকতে হলে সবাইকে একসঙ্গে থাকতে হবে, ‘পিঁপড়ার বলের’ মতো ঐক্যবদ্ধ হয়ে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বক্তব্যে মনি বলেন, “আমরা কেউ মরতে চাই না। আমরা বাঁচতে চাই সবাই মিলে, দেশকে নিয়ে বাঁচতে চাই।” তার মতে, বর্তমান সংসদ এমন এক জায়গা যেখানে অধিকাংশ সদস্যই কোনো না কোনো সময় মামলা, জেল বা নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আক্রমণ ও অপবাদ সহ্য করতে হয়েছে অনেককে। অতীতের সেই অভিজ্ঞতা থেকেই ঐক্যের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।

ঐক্যের ব্যাখ্যায় তিনি পিঁপড়ার উদাহরণ টেনে বলেন, বন্যার সময় পিঁপড়ারা একত্র হয়ে গোলাকার কাঠামো তৈরি করে নিজেদের বাঁচিয়ে রাখে। একইভাবে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক শক্তিগুলোরও একসঙ্গে থাকার বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশে আবার অস্থিরতা বা অন্ধকার নেমে আসুক, তা কেউই চায় না। তাই ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে একটি অভিন্ন অবস্থান তৈরি করা জরুরি।

সংসদের কার্যক্রম নিয়েও মন্তব্য করেন চিফ হুইপ। তিনি জানান, স্বল্প সময়ে বিপুলসংখ্যক বিল ও অধ্যাদেশ নিয়ে কাজ করতে গিয়ে চাপ তৈরি হয়েছিল, ফলে বিরোধী দলের সদস্যরা পর্যাপ্ত সময় পাননি—এ বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।

এছাড়া সংসদকে শুধু প্রাণবন্ত রাখলেই হবে না, জনগণের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত দেশ, গণতন্ত্র ও সাধারণ মানুষের স্বার্থে ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন।

বক্তব্যের শেষাংশে তিনি সরকার ও বিরোধী দলসহ সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানান এবং বলেন, সংসদকে শক্তিশালী ও টেকসই করতে সম্মিলিত প্রয়াস অপরিহার্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি