সংসদে উত্থাপিত দুটি বিলের প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ন করা উচিত নয়। তিনি স্পিকারের মাধ্যমে এসব অধিকার সুরক্ষার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬ পাসের জন্য উত্থাপিত হচ্ছিল।
বিরোধীদলীয় নেতা বলেন, অনেক সংসদ সদস্যই নতুন হওয়ায় তারা এখনও বিধিবিধান পুরোপুরি আয়ত্তে আনছেন। তাই সংসদ পরিচালনায় নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি এবং এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, আলোচ্য বিলের নথিপত্র যথাসময়ে সরবরাহ করা হয়নি। এমনকি এক দিন আগেও সদস্যরা প্রয়োজনীয় কাগজপত্র পাননি, যা কেবল অধিবেশন চলাকালীন সময়ে হাতে এসেছে।
তার মতে, সংশ্লিষ্ট বিলগুলোর ক্ষেত্রে কোনো সময়সীমার বাধ্যবাধকতা নেই। তাই তাৎক্ষণিকভাবে পাসের পরিবর্তে পরবর্তী অধিবেশনে উপস্থাপন করা যেতে পারে। এ প্রেক্ষিতে তিনি আলোচ্য দুই বিল স্থগিত রাখার অনুরোধ জানান।
জবাবে ডেপুটি স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালী বিধির ৮০ অনুযায়ী প্রয়োজনীয় রিপোর্ট আগেই দেওয়া হয়েছে। তিনি জানান, বিলের কপি দুই দিন আগে এবং রিপোর্ট এক দিন আগে সদস্যদের সরবরাহ করা হয়েছে।