দেশের বাজারে ভোজ্যতেলের দামে নতুন সমন্বয় আনা হয়েছে। লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের মূল্য ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, আগে বোতলজাত তেল ১৯৫ টাকায় বিক্রি হলেও এখন তা ১৯৯ টাকায় বিক্রি হবে। একইসঙ্গে খোলা তেলের দামও সমান হারে বাড়িয়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।
মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কথা উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, বৈশ্বিক পর্যায়ে পণ্যের উৎপাদন ও সরবরাহ পর্যায়ে ব্যয় বাড়ায় এর প্রভাব দেশীয় বাজারেও পড়ছে।
সরকার আশা করছে, এই সমন্বয়ের ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং ভোক্তারা বিষয়টি বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নেবেন।