রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, তদন্তে উঠে আসছে নতুন কিছু তথ্য, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিমোর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাড্ডায় পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে এক শিক্ষকের নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
বিভাগীয় সূত্রে জানা যায়, সকালে বিষয়টি জানার পর শিক্ষকরা মিমোর বাসায় যান। পরে তার মোবাইল ফোন থেকে পাওয়া কিছু তথ্য বিশ্লেষণ করে একজন শিক্ষকের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়। এর ভিত্তিতেই ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে তার এক ঘনিষ্ঠ সহপাঠীকেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
এদিকে গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের ভিত্তিতে একজন শিক্ষককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই ঘটনায় ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় ও বিশ্ববিদ্যালয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।