আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন কী আগের দিন আছে যে আমি ঘুরে-ঘুরে দেখবো, হেলিকপ্টার নিয়ে ঘুরবো। আমি রুমে বসে সব দেখবো। তাই ভয়ের কোনো কারণ নেই, সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেছেন।
এসময় পরীক্ষা সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী বলেছেন, সুন্দর পরিবেশে পরীক্ষা দেবে তোমরা, ভয়ের কারণ নেই। কোনো ভীতি যেনো প্রদর্শন করা না হয়। ভীতির কোনো প্রয়োজন নেই, সুন্দর পরিবেশে পরীক্ষা।
পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসে শিক্ষকরা ঠিক মত পড়ান কিনা, ক্লাসে আছেন কিনা আমি এসব মনিটরিং করবো। আমার শিক্ষকরা ঠিক মত পড়ান কিনা রেকর্ড থাকতে হবে। এটা নিয়ে অনেকেই ট্রল করেন, এটা তো সিম্পল বিষয়। রেকর্ড আর্কাইভে থাকতে হবে। এটা খুব সাধারণ, এতে ভয়ের কারণ নেই।
অনুষ্ঠানের পরে শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকা মহানগরীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবেন। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। আর শিক্ষকরা অফলাইনের ক্লাস স্কুলে এসে নেবেন।