সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ায় পাঁচ ভারতীয় নাগরিক আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) ভোরে খলিফা ইকোনমিক জোন (কেইজেডএডি)-তে এই ঘটনা ঘটে। ধ্বংসাবশেষ পড়ে ওই শিল্পাঞ্চলে আগুনও ধরে যায়।
সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে উড়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন ছিল। ইরান এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়লে সেগুলো আকাশেই ধ্বংস করা হয়। তবে ধ্বংসাবশেষ আছড়ে পড়ে এই বিপত্তি ঘটে। আবুধাবি জনসংযোগ বিভাগের তরফে জানানো হয়, “আকাশে সফলভাবে হামলা ঠেকিয়ে দেওয়ার পর খলিফা ইকোনমিক জোনে ধ্বংসাবশেষ আছড়ে পড়ে। এতে পাঁচ ভারতীয় আহত হয়েছেন। তাঁরা হালকা থেকে মাঝারি আহত।”
আহত পাঁচ জনই ভারতীয় বলে নিশ্চিত করা হয়েছে। তাঁদের কেউ হালকা, কেউ মাঝারি আঘাত পেয়েছেন। জরুরি বিভাগের তরফে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রায় এক মাস হতে চলল পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ। যুদ্ধবিরতিতে বেশি দেরি নেই বলে আমেরিকা দাবি করলেও ইরান জানিয়েছে, কোনওভাবেই মাথা নোয়াবে না তারা। এখনও আঘাত, পাল্টা আঘাতের পালা চলছে। এই আবহেই ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকেও তাদের দিকে ক্ষেপণাস্ত্র উড়ে আসছে। ফলে যুদ্ধ কবে থামবে, কিছুই বোঝা যাচ্ছে না।