সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে জন্ম নেওয়া কন্যাশিশুটির নাম রাখা হয়েছে ‘বেগম খালেদা জিয়া’। রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিশুটির জন্ম হয়।
রোববার বিকালে শিশুটিকে দেখতে যান জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ শিশু ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুর জন্মসনদ, নগদ অর্থ, পোশাক, ফলমূল ও মিষ্টি দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান শরিফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন। প্রসব বেদনা শুরু হলে তিনি কেন্দ্রেই স্বাভাবিক সন্তান প্রসব করেন। শিশু ও মা সুস্থ আছেন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল বলেই এই গর্ভবতী মা কেন্দ্রে ভোট দিতে যেতে পেরেছেন। সেখানেই তিনি সন্তান প্রসব করেন। এটা একটি ইতিহাস। তাই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেখতে এসেছি। বিভাগীয় কমিশনার স্যারও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।”
জেলা প্রশাসক বলেন, “আমরা পরিবারটিকে প্রাথমিকভাবে কিছু সহায়তা করেছি এবং জন্ম সনদ তুলে দিয়েছি। পরবর্তীতে জেলা ও উপজেলা প্রশাসন আজীবন এই পরিবারটির পাশে থাকবে এবং সহায়তা করবে। যাতে এই শিশুটি বড় হয়ে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে পারে।”
এ বিষয়ে সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘বেগম খালেদা জিয়া’ নামে শিশুটির জন্ম সনদ দেওয়া হয়েছে।”
শিশুটির মা আম্বিয়া খাতুন বলেন, “আমরা বিএনপিকে ভালবাসি, ভোট দিতে গিয়ে মেয়ের জন্ম হয়েছে, তাই বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেই মেয়ের নাম রেখেছি। এতে আমরা খুশি।”
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ সিভিল সার্জন নুরুল আমিন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী উপস্থিত ছিলেন।