1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

নৌকায় করে চর থেকে কেন্দ্রে আসছেন ভোটাররা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

নৌকাযোগে ধরলা নদী পার হয়ে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন লালমনিরহাট সদরের ফলিমারী চরের সীমান্ত এলাকার ভোটাররা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দলে দলে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার বাড়ি ফিরছেন তারা।

সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মোগলহাট বিজিবি ক্যাম্প সংলগ্ন ভারত-বাংলাদেশের মধ্যদিয়ে বয়ে যাওয়া ধরলা নদীর খেয়াঘাট। নদীর ওপারে সীমান্তঘেঁষা ফলিমারী চর এলাকা। ওই চরে প্রায় ৫ শতাধিক ভোটারের বসবাস।

এসব ভোটারের জন্য দুটি কেন্দ্র রয়েছে। মোগলহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পুরুষ ভোটার ও মোগলহাট কর্নপূর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নারী ভোটারদের কেন্দ্র হিসেবে রয়েছে। এসব কেন্দ্রের ভোটাররা নৌকা যোগে এসে ভোট দিয়ে আবার নৌকা যোগে বাড়ি ফিরে যাচ্ছেন। প্রায় দুই কিলোমিটার বালুচর ডিঙিয়ে ঘাটে এসে ভোট দিতে হচ্ছে তাদের। এত কষ্টের মধ্যেও ভোট দিতে পেরে তাদের মধ্যে আনন্দ কাজ করছে।

বৃদ্ধা জড়িমন বেওয়ান হাসিমাখা মুখে হাতের অমুছনীয় কালি দেখিয়ে বলেন, ‘১৭ বছর পর ভোট দিনু বাহে, বেটার বউ, মেয়ে একসাথত আসি ভোট দিনু’।

ভোটার আব্দুল হামিদ (৬৫) বলেন, চরের বেশিরভাগ ভোটার ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে আসেন নাই। আর গত তিনটি সংসদ নির্বাচনে কেউই টাকা খরচ করে ভোট দিতে আসে নাই। শুনেছি আমাদের ভোট অন্যজনে দেয়। এবার দুই কিলোমিটার বালুচর হেঁটে এসেও ভোট দিতে পেরে ভালো লাগছে। আমরা পরিবারের সকল ভোটার এসেছি।

মোগলহাট উচ্চ বিদ্যালয় পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কামরুজ্জামান বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়ছে। আনন্দমুখর পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেই জন্য সবকিছু প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি