সারাদেশে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানোর লক্ষ্যে অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রচারণার দায়িত্ব দিয়ে অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে বিশিষ্ট কবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব সেলিম বালাকে।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বেগবান করতে জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের উদ্যোগ নিয়েছে। গৌরীপুর এলাকায় এই প্রচার অভিযানের নেতৃত্ব দেবেন কবি সেলিম বালা। তিনি দলের স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তৃণমূল পর্যায়ে জনগণকে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝিয়ে ভোটদানে উদ্বুদ্ধ করবেন।
উল্লেখ্য যে, কবি সেলিম বালা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ছিলেন। তবে পরবর্তীতে জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে এনসিপি জোটবদ্ধ হওয়ায় কৌশলগত কারণে তাকে এই আসনটি ছেড়ে দিতে হয়। সেলিম বালাকে এবার গণভোটে জনমত গঠনের বিশেষ দায়িত্ব দিয়ে অ্যাম্বাসেডর হিসেবে মূল্যায়ন করেছে কেন্দ্রীয় কমিটি।
নিজের দায়িত্ব সম্পর্কে কবি সেলিম বালা বলেন, “দলের নির্দেশনায় আমি গৌরীপুরের সাধারণ মানুষকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়ে দেশ গঠনে অংশ নিতে উদ্বুদ্ধ করব। নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা প্রতিটি ঘরে ঘরে ‘হ্যাঁ’ ভোটের বার্তা পৌঁছে দেব।”
গৌরীপুর উপজেলা জুড়ে এখন থেকেই এই প্রচারণাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।