পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
সোমবার (৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিয়োগ, বদলি, পদোন্নতি কিংবা শৃঙ্খলাজনিত ব্যবস্থা—সবই মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অন্তর্ভুক্ত। এসব কার্যক্রমের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই এবং তা চলমান প্রক্রিয়া হিসেবেই বিবেচিত হয়।
ডিআইজিদের অবসরে পাঠানোর পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়গুলো মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ যাচাই-বাছাইয়ের আওতায় থাকে। সিদ্ধান্ত নেওয়ার সময় কারও প্রতি যেন অন্যায় না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও ইঙ্গিত দেন, প্রশাসনিক সিদ্ধান্তগুলো প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই নেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।