সরকারি সফরের প্রথম পর্বেই ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।
শনিবার (২ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে জিয়ারত সম্পন্ন করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
জানা গেছে, সকালে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সরাসরি মাজারে যান তিনি। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এমরান আহমদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর। জিয়ারত শেষে তিনি নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধনের পর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনব্যাপী এই সফর ঘিরে সিলেটজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।