কাজের উদ্দেশ্যে বের হওয়া শ্রমিকদের যাত্রা শেষ হলো মর্মান্তিক দুর্ঘটনায়। সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৮ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৩ মে) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে সিলেট-ঢাকা মহাসড়ক-এর তেতলী বাজার এলাকায় শ্রমিকবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠালবোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনো জানা যায়নি।
আহত হয়েছেন অন্তত সাতজন শ্রমিক। তাদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মো. আলমগীর (৩২), সিলেট নগরের তোরাব উল্লাহ (৬০), রামিন (৪০), আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের রাভু আক্তার (২৫), সিলেটের হাফিজা বেগম (৩০) এবং রাজা মিয়া (৪৫)। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, ভোরে সিলেট থেকে লালাবাজারগামী পিকআপে করে শ্রমিকরা যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে আরও চারজনকে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপ ও ট্রাকের চালকরা পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।