দেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তি, দক্ষ জনবল এবং নিজস্ব নৌ-শিল্প বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড পরিদর্শনকালে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা সুরক্ষায় আত্মনির্ভরশীল নৌ-সক্ষমতা গড়ে তোলাই হবে ভবিষ্যতের প্রধান ভিত্তি।
সোমবার (১৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পরিদর্শনের সময় প্রতিরক্ষা উপদেষ্টাকে ডকইয়ার্ডের চলমান কার্যক্রম, জাহাজ নির্মাণ ও মেরামত সক্ষমতা, প্রযুক্তিগত অবকাঠামো, উৎপাদন ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পরে তিনি বিভিন্ন ওয়ার্কশপ, উৎপাদন এলাকা ও উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।
তিনি বলেন, জাহাজ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডকে আরও আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। একইসঙ্গে প্রতিটি কাজে গুণগত মান, সময়নিষ্ঠতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।
ড. শামছুল ইসলাম আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। দেশীয় সম্পদ ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি আরও শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টার ভাষ্য, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড কেবল জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান নয়; এটি দেশের সামুদ্রিক সক্ষমতা ও আত্মনির্ভরশীলতার গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই জাতীয় স্বার্থকে সামনে রেখে এর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন।
তিনি ডকইয়ার্ডে কর্মরত কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করেন এবং দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ নৌবাহিনী ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।