২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি বলেন, ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি ওই ঘটনাকে দেশের ইতিহাসে একটি ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি দাবি করেন, ওই দিনের অভিযানে সাধারণ মানুষের ওপর বলপ্রয়োগ করা হয়েছিল, যা মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার বিচার সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগীদের মধ্যে হতাশা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, একটি রাষ্ট্রে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত না হলে তা গণতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশবাসীকে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।