ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে রেললাইনের পাত ভেঙে যাওয়ায় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন আটকা পড়ে আছে। রোববার দুপুরে গৌরীপুর রেলওয়ে জংশনে এক নম্বর রেল লাইনের পাত ভেঙে যাওয়ায় ট্রেনটি আটকা পড়ে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতিকালে এক নম্বর রেললাইনের পাত ভেঙে যায়। ট্রেন থামার সাথে সাথেই জংশনের হকাররা রেললাইনের পাত ভেঙে যাওয়ার বিষয়টি দেখে দ্রুত গৌরীপুর জংশনের রেলওয়ে কর্তৃপক্ষকে জানায়। এরপর স্টেশন দুর্ঘটনা এড়াতে ট্রেনটি আর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। এতে করে ট্রেনের শত শত যাত্রী স্টেশনে আটক পড়ে।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি গৌরীপুর জংশনে যাত্রাবিরতিকালে রেললাইনের পাত ভেঙে যায়। এরপর থেকে ট্রেনটি জংশনে আটকা পড়ে আছে। দ্রুত রেললাইন মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। রেলাইন মেরামত কাজ শেষে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে স্টেশনের অন্যান্য রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।