ফলো-আপ চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়েছে। পরে জরুরিভিত্তিতে তার হার্টে এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বা রিং স্থাপন করেছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানান, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে দুপুরে তার এনজিওগ্রাম করা হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে এ পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক শনাক্ত হলে চিকিৎসক দল তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করেন এবং সেখানে একটি স্টেন্ট স্থাপন করা হয়।
বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর থেকে হৃদরোগসংক্রান্ত ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত যুক্তরাজ্যের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিশ্বখ্যাত এই হাসপাতাল হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবেও হাসপাতালটির সুনাম রয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে।