মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি নির্মাণসামগ্রীর দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানঘর ও ভেতরে থাকা বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।
রোববার (১০ মে) ভোর ৪টার দিকে সিপাহীপাড়া-দিঘিরপাড় সড়কের আলদি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানটির নাম মোল্লা ট্রেড সেন্টার।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি সিপাহীপাড়া সড়ক হয়ে দিঘিরপাড় এলাকার মজিবর টিম্বার্সে কাঠ নিয়ে যাচ্ছিল। পথে আলদি বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর ট্রাকটি সড়ক থেকে ছিটকে দোকানের ভেতরে ঢুকে পড়ে।
দোকানের পরিচালক নাঈম মোল্লা জানান, দুর্ঘটনার সময় দোকানের ভেতরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দোকানে থাকা টাংকিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কাঠের মালিকপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
ঘটনার পর আরেকটি ট্রাক এনে দুর্ঘটনাকবলিত যানটি সরানোর কাজ শুরু হয়।
স্থানীয় প্যানেল চেয়ারম্যান শ্যামল গাজি বলেন, ফজরের নামাজের সময় বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান তিনি। সেখানে গিয়ে দেখতে পান, ভারী কাঠবোঝাই ট্রেইলারটি দোকানের ভেতরে ঢুকে আছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে দ্রুত বিদ্যুৎ বিভাগকে সংযোগ বন্ধের অনুরোধ জানানো হয়।
এদিকে দুপুর পর্যন্ত বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাব্লিউ। পরে তিনি খোঁজ নেওয়ার কথা বলেন।