ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি-এর বড় জয়ের পর ফলাফলকে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সদ্য সমাপ্ত এই নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়েছে বিজেপি। অন্যদিকে বড় ধরনের ভরাডুবির মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি নিজ আসন ভবানীপুর থেকেও পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার ভোট গণনার সময় কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত গণনাকেন্দ্রে গিয়ে তিনি অভিযোগ করেন, তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার ভাষায়, “পুরোটা একতরফা নির্বাচন হয়েছে। আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, অথচ নিরাপত্তা বাহিনী সামনে ছিল।”
তিনি আরও দাবি করেন, “১০০টির বেশি আসন লুট করা হয়েছে। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এটি বিজেপির পক্ষে কাজ করেছে।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জয় কোনোভাবেই ‘মোরাল ভিক্ট্রি’ নয়, বরং “ইমমোরাল ভিক্ট্রি”—অর্থাৎ অনৈতিক জয়। তার অভিযোগ, জোরপূর্বক ও অনিয়মের মাধ্যমে এই ফলাফল অর্জিত হয়েছে।
তবে পরাজয়ের পরও ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন তিনি। বলেছেন, “আমরা আবারও লড়ব এবং ফিরে আসব।”
নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিলেও, পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী।