প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। আটকের পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।
তবে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কী অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি কোস্টার বাসে করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সভাস্থলে যান তিনি।
প্রধানমন্ত্রীর ব্যবহৃত যানবাহন নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ (The Beauty of Rajshahi) নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘সবই বুঝলাম, রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন, রাজশাহীবাসী?’
ওই পোস্টের মন্তব্য ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। রাজশাহী মহানগর বিএনপি ও যুবদলের নেতারা মন্তব্যটির নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানান।
এরপর এসআরবি-৫-এর অভিযানে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।