প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় কোনো সরকারই স্থায়ী নয়। একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারো জন্য চিরদিন সংরক্ষিত থাকে না।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ এবং বাংলাদেশের অতীত অভিজ্ঞতাও প্রমাণ করে—ক্ষমতা বা দায়িত্ব কোনো কিছুই স্থায়ী নয়। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারীদের মনে রাখতে হবে, দায়িত্ব সাময়িক হলেও তার প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে।