পুলিশ প্রশাসনে একযোগে আট কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে, যার মধ্যে পাঁচজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ এ প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এপিবিএন সংশ্লিষ্ট বদলিতেও এসেছে পরিবর্তন। ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ৫ এপিবিএনের অধিনায়ক করা হয়েছে। অন্যদিকে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে ১২ এপিবিএনের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া ১৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। র্যাবের দুই পরিচালক মো. খালিদুল হক হাওলাদার ও মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।