আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের আগের চার দিন, ভোটের দিন এবং ভোটের পরের সাত দিন-মোট ১২ দিন মাঠে অবস্থান করবে যৌথ বাহিনীর সদস্যরা।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচন-পূর্ব সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের সভায় এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি সভায় এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বরাষ্ট্র সচিব বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে যাবে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ক্ষেত্রে ড্রোন ব্যবহার করবেন। তিনি আরও জানান, বুধবার থেকেই
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত একাধিক মনিটরিং টিম নির্বাচন-সংক্রান্ত মাঠপর্যায়ের সব তথ্য ২৪ ঘণ্টা মনিটরিং ও রেকর্ড করবে।
নাসিমুল গনি বলেন, বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিক সংশ্লিষ্ট এলাকায় কানেক্ট হওয়া যাবে। এর মাধ্যমে সব ঘটনা রেকর্ড করা যাবে। এ সময় তিনি বডি ক্যামেরা ব্যবহারের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন।