ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় আহতের ঘটনার জের ধরে জনতার পিটুনিতে নিহত হয়েছেন চালক। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন পথচারী।
শুক্রবার (১ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকে থাকা তিনজনকে ঘিরে বিক্ষুব্ধ জনতা হামলা চালালে চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত মো. হান্নান (৪৫) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন চালকের সহকারী নাঈম (২২), যার বাড়ি সালথা উপজেলার সোনাখোলা গ্রামে, এবং আল-আমিন (২৫), যার বাড়ি একই উপজেলার কাগদী এলাকায়।
স্থানীয়দের ভাষ্য, সালথার বালিয়া গুটির দিক থেকে আসা ট্রাকটি অতিরিক্ত গতিতে সরু সড়ক দিয়ে চলছিল। এর আগে রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে চালক পালিয়ে আসে বলেও অভিযোগ রয়েছে। ওই অবস্থায় নতুনহাটখোলা এলাকায় পৌঁছে ট্রাকটি পথচারীদের ধাক্কা দেয়, এতে অন্তত সাতজন আহত হন।
পরে ট্রাকটি একটি দোকানে সজোরে আঘাত করলে স্থানীয়রা সেটিকে থামিয়ে দেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে জনতা চালকসহ তিনজনকে মারধর করে। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চালককে মৃত ঘোষণা করা হয়। ট্রাকটিও ভাঙচুর করা হয়।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ বলেন, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।