পুলিশ সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সরাসরি নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দেশের সব থানাকে দালালমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
শনিবার (২ মে) দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর আওতাধীন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন দপ্তর, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি ওসি, ডিউটি অফিসারসহ দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলে তাদের কাজের অবস্থা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন।
তিনি পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ নির্দেশনার পর আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে নতুন করে জবাবদিহিতা জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।