ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। ৪-এর মধ্যে পূর্ণ ৪.০০ সিজিপিএ পেয়ে বিভাগে প্রথম হয়েছেন তিনি।
বুধবার (২০ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফল প্রকাশের বিষয়টি জানান সাজ্জাদ। ফলাফলের স্ক্রিনশট শেয়ার করে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম হয়েছি।”
একই পোস্টে তিনি উল্লেখ করেন, গত বছর তার সাংগঠনিক ও রাজনৈতিক ব্যস্ততা ছিল অনেক বেশি। সংগঠন পরিচালনা, রাজনীতি এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সময় দিতে গিয়ে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল বলেও জানান তিনি।
তার ভাষায়, সব ব্যস্ততার মধ্যেও আল্লাহ তাকে সম্মানিত করেছেন।
জানা গেছে, সাজ্জাদ হোসাইন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র।
শিক্ষাজীবনের পাশাপাশি লেখালেখি ও অনুবাদ কাজেও সক্রিয় তিনি। বিভিন্ন বইয়ের অনুবাদ, সংকলন ও প্রকাশনায় যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত প্রায় ২৫টি প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবিরের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করেছিলেন সাজ্জাদ। ওই নির্বাচনে তিনি ৭ হাজার ১৮৯ ভোট পেয়েছিলেন।