ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিজের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (১১ মে) দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি। একই সঙ্গে ড. ইউনূসের সঙ্গে তার বৈঠকের বিভিন্ন দিকও তুলে ধরেন।
সাদিক কায়েম জানান, জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে ড. ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই বৈঠকের সময় তিনি সাবেক প্রধান উপদেষ্টাকে নিজের বিয়ের দাওয়াতপত্রও তুলে দেন।
তার ভাষ্য অনুযায়ী, দাওয়াত গ্রহণের সময় ড. মুহাম্মদ ইউনূস তার নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাতে জুলাই আন্দোলনের শহীদ নাফিজের স্মৃতিকে ধারণ করে তৈরি একটি স্মারক চিত্রকর্মও ড. ইউনূসের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ডাকসুর বিভিন্ন কার্যক্রম, জুলাই কনফারেন্স এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন তারা।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম আরও উল্লেখ করেন, তরুণদের উদ্যোগ ও কর্মকাণ্ডের প্রশংসা করেছেন ড. ইউনূস। একই সঙ্গে তাদের বিভিন্ন পরিকল্পনার প্রতি সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন তিনি।
এছাড়া নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য, গণমানুষের প্রত্যাশিত সংস্কার এবং জনরায়ের বাস্তবায়নে আগামীর পথচলায় ড. ইউনূসের পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন বলেও জানান ডাকসু ভিপি।
পোস্টে তিনি আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সংকটময় সময়ে দেশের দায়িত্ব নেওয়ার জন্য দেশবাসীর পক্ষ থেকে ড. ইউনূসকে কৃতজ্ঞতাও জানানো হয়েছে।