চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে হামলা ও রাতভর গোলাগুলির ঘটনার পর বড় পরিসরে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৪ মে) গভীর রাতে আলীনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে পুরো এলাকায় যৌথবাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায়। অভিযানে অংশ নিয়েছেন প্রায় এক হাজার সদস্য।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাত ১টার দিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত একটি দল জঙ্গল সলিমপুরে থাকা বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ শুরু হয়, যা রাত ৩টা পর্যন্ত চলে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, হামলার সময় আলীনগরে নির্মাণাধীন র্যাবের একটি ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে আলীনগরে প্রবেশের সড়কও কেটে দেওয়া হয়েছে।
অভিযানস্থলে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান এবং চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।
চট্টগ্রাম র্যাবের কমান্ডার হাফিজুর রহমান বলেন, ক্যাম্পে হামলার পর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, কোনো সশস্ত্র গোষ্ঠীকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।