রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে কাজ চলাকালে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার কয়েকটি এলাকায় হঠাৎ করে সরবরাহ বন্ধ হয়ে গেছে। নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে জরুরি ভিত্তিতে লাইন বন্ধ করে মেরামত কার্যক্রম শুরু করেছে তিতাস গ্যাস।
রোববার (৩ মে) দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসা-এর কাজের সময় তিতাসের গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট লাইনের ভালভ বন্ধ করা হয়।
এর ফলে গুলশান, বনানী, বারিধারাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষ হলে দ্রুত সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই আকস্মিক পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দারা রান্না ও দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েছেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অস্থায়ী অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।