আদালতে নেওয়ার পথে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ করে মন্তব্য করায় দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের সই করা এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে কনস্টেবল মো. জামাল হোসেন ও মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তদন্তের সুপারিশ করা হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজিরা শেষে ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় দুই সদস্যের আচরণ প্রশ্নবিদ্ধ হয়। ধারণকৃত ভিডিওতে তাদের কথাবার্তা স্পষ্টভাবে ধরা পড়ে, যা বিচারিক পরিবেশ ও নিরাপত্তা প্রটোকলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইনুকে নিয়ে যাওয়ার সময় ওই দুই পুলিশ সদস্য বলেন, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’ ঘটনাটি প্রকাশ্যে আসার পরই তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।
বর্তমানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মোট আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিচার চলছে। বুধবার তার পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এ ঘটনায় বিচারিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।